দীর্ঘ দুই বছর ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে রংপুর নগরের গুরুত্বপূর্ণ জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত সড়কটি। সিটি করপোরেশনের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। সংস্কারে এই দীর্ঘসূত্রতা ও ‘গড়িমসির’ প্রতিবাদে আজ শনিবার দুপুরে নগরের জাহাজ কোম্পানি মোড়ে এক ব্যতিক্রমী মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংক্ষুব্ধ নাগরিকরা।
রংপুর মহানগর নাগরিক কমিটির আয়োজনে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মুখে কালো কাপড় বেঁধে সড়কটির বেহাল দশার প্রতি নগর কর্তৃপক্ষের অবহেলার প্রতীকী প্রতিবাদ জানান।
বক্তারা জানান, এই সড়কটি ব্যবহার করে প্রতিদিন কুড়িগ্রাম, লালমনিরহাট, পীরগাছা ও সুন্দরগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ বিভাগীয় শহর রংপুরে প্রবেশ করেন। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরা এবং চলাচলের অনুপযোগী।
সমাবেশে নাগরিক কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন:
গত দুই বছর ধরে একাধিকবার আলটিমেটাম দিলেও সিটি করপোরেশন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।
বাজেট অনুমোদনের কথা বারবার বলা হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি নেই।
প্রতিদিনই শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চালকরা এই সড়কে দুর্ঘটনার শিকার হচ্ছেন।
রংপুর মহানগর নাগরিক কমিটির সভাপতি পলাশ কান্তি নাগ বলেন, “গত বছরের জুলাই থেকে আমরা গায়েবানা জানাজা, ধানের চারা রোপণ ও লাল কার্ড প্রদর্শনের মতো কর্মসূচি পালন করে আসছি। তবুও প্রশাসনের টনক নড়ছে না। বর্ষা মৌসুম চলে এলে এই ভোগান্তি কয়েক গুণ বাড়বে।”
বক্তারা অবিলম্বে বর্তমান সিটি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত সংস্কার কাজ শুরু না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সমাবেশে হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক পার্থ বোস, জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন ইসলামসহ বিভিন্ন ব্যবসায়ী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।