
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় দৈনিক যশোর বার্তা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও দৈনিক সোনার বাংলাদেশ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মো. আল আমিন সরদারকে তুলে নিয়ে বেধড়ক মারধর, লুটপাট, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক আল আমিন সরদার (৩২) সম্প্রতি দেবহাটার কুলিয়া ইউনিয়নের বয়রা এলাকার মাদক ব্যবসায়ী আব্দুল সালাম (৩৫)-এর বিরুদ্ধে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ২৭ অক্টোবর ২০২৫ বিকেল ২টার দিকে মাদ ব্যবসায়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা সাংবাদিকের দেবহাটার পুষ্পকাটি গ্রামের ভাড়া বাসায় হামলা চালায় সালাম ও তার সহযোগীরা।
অভিযোগে দেখা যায় হামলাকারীদের মধ্যে নাম উল্লেখ করা হয়েছে—
আব্দুল সালাম (৩৫), পিতা মাহাবুর/রাজু সরদার, পিতা লেওকাত সরদার/ মহিদুল ইসলাম, পিতা ইন্তাজ ইসলাম/বাদশা, পিতা অজ্ঞাত/ ফয়সাল, পিতা আইজুল,এ ছাড়াও পরিচয় অজ্ঞাত আরও প্রায় ৩৫ জন。
এজাহারে বলা হয়, হামলাকারীরা সাংবাদিকের বাসায় ঢুকে আলমারি ভেঙে ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে। তার স্ত্রী রূপা বেগমের সোনার চেন, কানের দুল ও কিছু রুপার গহনা ছিনিয়ে নেয়।
সাংবাদিকের স্ত্রী, ১১ বছর বয়সী মেয়ে আক্তার রিমা ও ৩ বছরের শিশু আরাফাত হোসেন ফাইম-এর ওপরও শারীরিক নির্যাতন চালানো হয়।
হামলার খবর পেয়ে সাংবাদিক আল আমিন সরদার ঘটনাস্থলে পৌঁছালে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় সালাম সহ অপর সন্ত্রাসীরা। পরে সালামের বাড়িতে দুই ঘণ্টা ধরে তাকে নির্যাতন করা হয়।
ঘটনার সাথে সাথে পরিবারের সদস্যরা চিৎকার করে প্রতিবেশীদের জানালে তারা থানায় খবর দেয়। পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিককে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
সাংবাদিক আল আমিন সরদার দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ কে বলেন—
মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় আমাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। চাঁদাও দাবি করা হয়েছে। পরে আমার স্ত্রী পুলিশের সহায়তা চাইলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। সুস্থ হওয়ার পর আমি থানায় মামলা করেছি। প্রশাসন তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করবে—এটাই আমার প্রত্যাশা।”
উক্ত বিষয়ে থানার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন একটি লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে উক্ত সাংবাদিকের উপর হামলার বিষয়ে ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গ জেব কামাল, টাইমছ নিউজের সম্পাদক ও প্রকাশক আবু বক্কর সিদ্দিক, দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক চৌধুরী , এবং ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুর রহমান তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অপরাধী দিগকে গ্রেফতার করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন।