কুড়িগ্রামের ২ বছরের কন্যা শিশুর চোখ উপড়ে ফেলা অবস্থায় মরদেহ উদ্ধার। - Uttorpatro TV

কুড়িগ্রামের ২ বছরের কন্যা শিশুর চোখ উপড়ে ফেলা অবস্থায় মরদেহ উদ্ধার।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 18, 2026
ছবি- কালেক্টেড

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর আয়শা আক্তার নামের দুই বছরের এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন এবং চোখ উপড়ানো অবস্থায় পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলমারী উপজেলার মাচাবান্দা এলাকার আলমগীরের মেয়ে আয়শা আক্তার শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরবর্তীতে গভীর রাতে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন ছিল। তার শরীরে অসংখ্য আঘাতের জখম এবং চোখ দুটি উপড়ে ফেলা হয়েছিল। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত বা কী উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।

নিভৃত পল্লীর এই শিশুটির মৃত্যুতে পরিবারে চলছে মাতম। আলমগীরের দুই বছরের শিশু কন্যার এমন বীভৎস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তথ্যসূত্র – চ্যানেল ৬৯