বেরোবিতে শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন, ডিসেম্বরের মধ্যে উন্নয়ন প্রকল্প পাসের আশা - Uttorpatro TV

বেরোবিতে শহিদ আবু সাঈদ গেটের নির্মাণকাজের উদ্বোধন, ডিসেম্বরের মধ্যে উন্নয়ন প্রকল্প পাসের আশা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 9, 2026

আদিল ইসলাম লিয়ন,বেরোবি প্রতিনিধি | রংপুর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের স্মরণে নবনির্মিত ‘শহিদ আবু সাঈদ গেট’-এর নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘আবু সাঈদ মুক্তিকামী মানুষের প্রতীক।’ তিনি বেগম রোকেয়া, ভাওয়াইয়া গানের সুরসম্রাট আব্বাস উদ্দিন আহমদ ও শহিদ আবু সাঈদকে রংপুর অঞ্চলের গর্ব হিসেবে উল্লেখ করেন। এ সময় তিনি দেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরার পাশাপাশি বেরোবির বিশেষ উন্নয়ন প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) দ্রুত অনুমোদনের বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন পাওয়ার আশা রয়েছে। পাশাপাশি রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা ও ডেটা সায়েন্সের মতো সময়োপযোগী বিষয়ে পাঠদান চালু এবং শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরুর কথা জানান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বক্তব্যে তিনি বলেন, শহিদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত এই গেট কেবল একটি প্রবেশদ্বার নয়; এটি স্বাধীনতা, মূল্যবোধ ও চেতনার অবিচ্ছেদ্য স্মারক।

শহিদ আবু সাঈদের স্মৃতিকে ধারণ করে নির্মিত এই গেট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও জুলাই আন্দোলনের তাৎপর্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।