ব্যবসায়ীর বাড়িতে অভিযান: সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ – Uttorpatro TV

ব্যবসায়ীর বাড়িতে অভিযান: সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৬, ২০২৬

নোয়াখালীর সেনবাগে এক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

ছবি- যমুনা টিভি 
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে সরবরাহ না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত করে রেখেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ড্রামে রাখা ৪ হাজার লিটার ডিজেল ও ১ হাজার ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা তেল পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।