আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি নতুন এক বিতর্কে জড়িয়ে পড়েছেন বিশ্বকাপের আগে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে তার পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মার্কিন গণমাধ্যম টিএমজেড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মামলাটি করেছে ভিআইডি নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যারা ক্রীড়া ও সংগীতভিত্তিক অনুষ্ঠান আয়োজন করে থাকে।
ঘটনার সূত্রপাত গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচকে ঘিরে। গত আগস্টে মায়ামিভিত্তিক ভিআইডি প্রতিষ্ঠান প্রায় ৭০ লাখ ডলারে এই দুই ম্যাচ আয়োজনের একক স্বত্ব কিনে নেয়। চুক্তি অনুযায়ী, মেসি চোটমুক্ত থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল।
লিওনেল মেসি। মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেএএফপি
কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে মাঠে দেখা যায়নি। তিনি মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবারসহ খেলা উপভোগ করেন। ভিআইডির দাবি, ওই সুইটের খরচও তারা বহন করেছিল। যদিও পরদিনই ইন্টার মায়ামির হয়ে এমএলএস ম্যাচে খেলেন মেসি এবং আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে দুটি গোল করেন। পরে পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নেমে ৬-০ গোলের জয়ে ভূমিকা রাখেন তিনি।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি মূলত শিকাগোর ৬১ হাজার ৫০০ আসনবিশিষ্ট সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে সেটি সরিয়ে ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে নেওয়া হয়, যার ধারণক্ষমতা মাত্র ২১ হাজার ৫৫০। এতে ভিআইডির দাবি, তাদের ১০ লাখ ডলারের বেশি ক্ষতি হয়েছে।
আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি ইনস্টাগ্রাম
মাঠ পরিবর্তনের কারণ নিয়ে দুই পক্ষের বক্তব্য ভিন্ন। এএফএর এক কর্মকর্তা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিজনিত নিরাপত্তা ঝুঁকির কারণে ভেন্যু পরিবর্তন করা হয়। অন্যদিকে শিকাগো কর্তৃপক্ষের মতে, কম টিকিট বিক্রির কারণেই ম্যাচটি সরানো হয়।
ভিআইডির আরও অভিযোগ, এএফএ পরে চীনে ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ার আশ্বাস দিলেও ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে তা বাস্তবায়ন হয়নি। ফলে আর্থিক ক্ষতি পুষিয়ে নিতেই তারা আইনি পদক্ষেপ নিয়েছে।
তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।