৩ শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে – Uttorpatro TV

৩ শিশুর মৃত্যু হাম ও হামের উপসর্গ নিয়ে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৫, ২০২৬

দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি মৃত্যুকে নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, আর বাকি দুই শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের আজ বুধবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ এপ্রিল সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়ে দেশে হামের উপসর্গ নিয়ে ৬৬৬ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ৭৬ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের বাসিন্দা। এ সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, রাজশাহীতে ১২ জন এবং সিলেটে ৩ জন।

আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুরা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে-প্রথম আলোর ফাইল ছবি

এছাড়া, সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৩২ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। হাসপাতালে ভর্তি ৬৬৬ জনের মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগের। অন্যদিকে, সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০ জন) ও ময়মনসিংহ (১ জন) বিভাগে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে ৩২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি, হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনে।

এই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ১৯ হাজার ১৬১ জন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ হাজার ৩১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে, ২ হাজার ৯৭৩ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।