
রেশমা চৌধুরী।।
ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট এলাকায় এক হাজার পিস ইয়াবাসহ তামিম হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নিয়মিত তল্লাশির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক তামিম সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিলনের ছেলে। পুলিশ দাবি করেছে, তিনি উত্তর ভোলা অঞ্চলের একজন কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।
ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজীব ইসলাম জানান,
“নিত্যদিনের মতো ইলিশা ঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে তামিমের বহন করা ব্যাগ তল্লাশি করলে নীল রঙের পাঁচটি প্যাকেটে মোট এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।”
আটক তামিম প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি কক্সবাজারের একটি হোটেল থেকে ইয়াবা সংগ্রহ করে ভোলায় ফিরছিলেন। ফেরার পথে ইলিশা ঘাটে পুলিশের তল্লাশিতে ধরা পড়েন।
স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, রাজাপুর ইউনিয়ন পরিষদের একজন বর্তমান সদস্যসহ ক্লোজারবাজার ও শান্তিরহাট–তুলাতুলী এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ মাদক সিন্ডিকেটের সাথে জড়িত থাকতে পারেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
এ ঘটনায় আটক তামিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেছে ইলিশা তদন্ত কেন্দ্র।