আয়কর ফাইল অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর - Uttorpatro TV আয়কর অডিট নিয়ে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

আয়কর ফাইল অডিটের নামে প্রতারণা: করদাতাদের সতর্ক করল এনবিআর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: July 5, 2026
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবন

আপনার আয়কর রিটার্ন বা ট্যাক্স ফাইলটি কি অডিট বা নিরীক্ষায় পড়েছে? এই তথ্যের সুযোগ নিয়ে কোনো চক্র যদি আপনাকে ফোন করে ফাইল ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তবে সাবধান হোন। সাম্প্রতিক সময়ে আয়কর নথি নিরীক্ষা থেকে অব্যাহতির লোভ দেখিয়ে করদাতাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করছে এক শ্রেণির প্রতারক চক্র। বিষয়টি নজরে আসার পর দেশের সাধারণ করদাতাদের সতর্ক করে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ রোববার সকালে এনবিআরের পক্ষ থেকে এই সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, করদাতাদের ভয় দেখিয়ে কিংবা আইনি জটিলতার কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে অসাধু চক্র। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে করদাতাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এনবিআর তাদের বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে, রাজস্ব বোর্ডের কোনো কর্মকর্তা বা কর্মচারী করদাতার অডিট সংক্রান্ত বিষয়ে কখনোই ব্যক্তিগত মোবাইল নম্বর কিংবা কোনো অননুমোদিত সামাজিক মাধ্যমে যোগাযোগ করেন না। যদি কোনো করদাতার ফাইল নিরীক্ষার জন্য নির্বাচিত হয়, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী আনুষ্ঠানিকভাবে লিখিত নোটিশ পাঠিয়ে তা করদাতাকে জানানো হয়। ফলে কোনো ব্যক্তিগত ফোন কল বা মেসেজকে এনবিআরের বার্তা হিসেবে গণ্য না করার আহ্বান জানানো হয়েছে।

করের টাকা বা কোনো ধরণের ফি পরিশোধের ক্ষেত্রে ডিজিটাল লেনদেনে কড়া সতর্কতা দিয়েছে এনবিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর সংক্রান্ত যেকোনো বকেয়া কিংবা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এনবিআরের কোনো কর্মকর্তার ব্যক্তিগতভাবে বা বিকাশ, রকেট, নগদ কিংবা অন্য কোনো মোবাইল ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ নেওয়ার কোনো আইনি এখতিয়ার নেই। এই ধরনের মাধ্যমে টাকা চাওয়া হলে তা নিশ্চিতভাবেই প্রতারণা।

যদি কোনো করদাতা সন্দেহজনক ফোন কল, খুদে বার্তা (SMS) কিংবা ই-মেইল পান, তবে বিভ্রান্ত না হয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। করদাতারা সরাসরি তাদের সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে পারবেন। এছাড়া, কেউ যদি এনবিআরের কর্মকর্তা সেজে টাকা দাবি করে, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা বা পুলিশকে জানাতে বলা হয়েছে এবং একই সঙ্গে প্রতারকের ফোন নম্বরটি সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এনবিআর করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অবস্থাতেই এই চক্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ করেছে।

এনবিআরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত তিন দফায় নিরীক্ষার জন্য নির্বাচিত করদাতার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ গত ২৯ জুন ৫ হাজার ১৪ জন করদাতার আয়কর নথি অডিটের জন্য চূড়ান্তভাবে বাছাই করা হয়। এর আগে, প্রথম দফায় গত বছরের জুলাই মাসে ১৫ হাজার ৪৯৪ জন এবং চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় দফায় ৭২ হাজার ৩৪১ জন করদাতার রিটার্ন নিরীক্ষার আওতায় আনা হয়।

২০২৩–২৪ করবর্ষের জন্য জমা দেওয়া রিটার্নগুলো থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড পদ্ধতিতে এই ফাইলগুলো নির্বাচনের কাজ করা হয়েছে।

কোনো দালালের কথায় কান না দিয়ে আপনার ট্যাক্স ফাইলটি আসলেই নিরীক্ষায় পড়েছে কি না, তা আপনি নিজেই ঘরে বসে যাচাই করতে পারবেন। এজন্য করদাতাদের যেতে হবে এনবিআরের অফিশিয়াল ওয়েবসাইটে (nbr.gov.bd)। সেখানে নিরীক্ষার জন্য নির্বাচিত ফাইলের সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হয়েছে। একটি এক্সেল শিটের মাধ্যমে দেওয়া এই তালিকায় আপনি আপনার কর শনাক্তকরণ নম্বর বা টিআইএন (TIN) দিয়ে খুব সহজেই অনুসন্ধান করে নিশ্চিত হতে পারবেন।