প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থান রাষ্ট্রকাঠামোয় জনগণের প্রকৃত মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করেছে। দেশের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক শাসনের যে প্রত্যাশা করে আসছিলো, বর্তমান সরকার সেই জনআকাঙ্ক্ষারই প্রতিফলন।
শনিবার সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের নবনির্মিত তৃতীয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেলা পৌনে ১১টার দিকে ফলক উন্মোচনের মাধ্যমে তিনি ভবনটির উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রের ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল জাতি গঠনে সরকার বদ্ধপরিকর। তবে এই লক্ষ্য অর্জনে প্রশাসনকে প্রথাগত খোলস থেকে বেরিয়ে আরও বেশি জনমুখী ও সেবামূলক হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের যোগ্য করে তুলতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই বলেও তিনি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেন।
এর আগে প্রধানমন্ত্রী বিয়াম ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তোলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।