
রংপুরের হারাগাছ এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে এক শিবির কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলেন নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী ও শরীফ মিজান। তাদের বিরুদ্ধে শিবির কর্মী মো. আহসান হাবিব হারাগাছ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অনুষ্ঠিত একটি চরমোনাই মাহফিলে জিকিরের সময় অংশগ্রহণকারীদের আচরণ নিয়ে ফেসবুকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জের ধরে গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় হারাগাছ থানার টসার বাজার এলাকার বাঁধসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহসান হাবিবের অভিযোগ, অভিযুক্তদের একজন কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে মন্তব্যের বিষয়ে জিজ্ঞাসাবাদের নামে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। একপর্যায়ে তিনি প্রতিবাদ করলে তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও দাবি করেন, হামলাকারীরা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
লিখিত অভিযোগে নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী, শরীফ মিজান, নিফাত বাবু ও আনোয়ার হোসেনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধেও হামলায় অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের মতপার্থক্যকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।
রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, স্থানীয়রা চারজনকে আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।