ঢাকা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রাজধানীর কদমতলী থানা এলাকায় দিনে-দুপুরে ফিল্মি কায়দায় ফাঁকা গুলি ছুড়ে ১৯ লাখ টাকা ডাকাতি এবং ব্যবসায়ীকে কুপিয়ে আহতের ঘটনায় করা মামলায় সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীনের ভাগ্নে ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বির মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
গত ৬ মে বিকেলে কদমতলী থানার ঢাকা ম্যাচ রেললাইন সংলগ্ন এলাকায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী মো. হাসান ও তার সঙ্গীরা প্রাইভেটকারে যাওয়ার সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথরোধ করে। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে পিস্তল দিয়ে ফাঁকা গুলি চালায়।
এই নৃশংস হামলায় ব্যবসায়ী হাসানসহ রনি, মোতালেব ও নয়ন নামে অন্তত ৫-৭ জন গুরুতর আহত হন। হামলাকারীরা গাড়ি থেকে ১৯ লাখ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে র্যাব-১০ এর একটি দল মঙ্গলবার সন্ধ্যায় নতুন জুরাইনের আলমবাগ এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান সাব্বিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জামিনের জোর দাবি জানিয়ে বলেন, সাব্বিরকে কেবল সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ ও বাদীপক্ষের আইনজীবীরা এই জামিনের তীব্র বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
একই মামলায় রবু মিয়া নামে অপর এক আসামি আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জামিন প্রদান করেন। উল্লেখ্য, এই ঘটনায় গত ৭ মে কদমতলী থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। আইনশৃঙ্খলা বাহিনী এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।