
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী জোট তাদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে। জোটটির প্রাপ্ত ১৩টি আসনের মধ্যে জামায়াত পাচ্ছে ৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২টি, আর বাকি তিনটি আসন যাচ্ছে জাগপা, বাংলাদেশ খেলাফত মজলিস ও জুলাই শহীদ পরিবারের একজনের মধ্যে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৭৭টি আসনে জয় পেয়ে এই জোট ১৩টি সংরক্ষিত নারী আসনের অধিকারী হয়। অন্যদিকে ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পাচ্ছে ৩৬টি। সোমবারই ক্ষমতাসীন দল তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরপরই ১১–দলীয় জোটের তালিকাও প্রকাশ্যে আসে।
জামায়াতের পক্ষ থেকে যাঁরা মনোনয়ন পাচ্ছেন, তাঁদের মধ্যে রয়েছেন নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও মারদিয়া মমতাজ। দলটির কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মনোনীত প্রার্থীরা মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেবেন।
এনসিপি থেকে মনোনয়ন পেয়েছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্যসচিব মাহমুদা আলম মিতু। এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও জোটের মনোনয়ন পেয়েছেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, এসব আসনে সরাসরি ভোট হয় না; সংসদে দলগুলোর আসনসংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়।