প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষিনির্ভর এলাকাগুলোতে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে কৃষকেরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন। তিনি বলেন, কৃষিপণ্য ব্যবসায়ীদের সঙ্গে সম্প্রতি বৈঠক হয়েছে এবং দেশি-বিদেশি বিনিয়োগকারীরা কোল্ড স্টোরেজ নির্মাণে আগ্রহ দেখিয়েছেন। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, এখন দেশের পুনর্গঠনের সময় এবং বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। দেশের মানুষের জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
কৃষকদের আত্মনির্ভরশীল করে তোলাই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানিয়ে তিনি বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে যুক্ত এবং বাকিরাও কোনো না কোনোভাবে এই খাতের ওপর নির্ভরশীল। কৃষি দেশের প্রধান পেশা উল্লেখ করে তিনি বলেন, কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। এ লক্ষ্যেই ১০টি সুবিধাসংবলিত কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে বলে জানান তিনি।