
ববি প্রতিনিধি,
জাতীয় যুবশক্তির বরিশাল মহানগর শাখার আংশিক আহ্বায়ক কমিটির আহ্বায়ক হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম। আগামী এক বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
মাইনুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। এর আগে তিনি আপ-বাংলাদেশের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কও।
অনুমোদিত কমিটিতে মো. মাইনুল ইসলামকে আহ্বায়ক, ফাতিমা মুনিশাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাজমুল নাফিস জয়কে সদস্যসচিব এবং আবদুল্লাহ আল হোসাইনকে সিনিয়র যুগ্ম সদস্যসচিব করা হয়েছে।
কমিটিতে মুখ্য মুখপাত্র হিসেবে খাদিজা আক্তার, সিনিয়র মুখ্য মুখপাত্র হিসেবে মো. আরিফ হোসেন শান্ত এবং দপ্তর সম্পাদক হিসেবে মো. শিবির আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় যুবশক্তির অনুমোদনপত্রে বলা হয়েছে, নবগঠিত আংশিক কমিটির দায়িত্বশীলদের আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নবনিযুক্ত আহ্বায়ক মো. মাইনুল ইসলাম বলেন, “দেশ ও মানুষের কল্যাণই হোক আমাদের রাজনীতির মূল লক্ষ্য। তরুণদের শক্তি, সততা, মেধা ও দেশপ্রেমকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বরিশাল মহানগর যুবশক্তি মানুষের পাশে থেকে দেশ ও জাতির কল্যাণে নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করবে—ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।