এনসিপির চট্টগ্রাম মহানগর: বিতর্কিত কমিটি ও দুর্নীতির অভিযোগে ২২ নেতার একযোগে পদত্যাগ - Uttorpatro TV চট্টগ্রাম এনসিপি মহানগর কমিটি থেকে ২২ নেতার পদত্যাগ | NCP Chattogram News

এনসিপির চট্টগ্রাম মহানগর: বিতর্কিত কমিটি ও দুর্নীতির অভিযোগে ২২ নেতার একযোগে পদত্যাগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৫, ২০২৬
ছবিঃ সংগৃহীত

ঘোষণার একদিন পার হতে না হতেই বড় ধরনের অভ্যন্তরীণ কোন্দলে জর্জরিত হয়ে পড়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখা। নবগঠিত কমিটিতে ‘অযোগ্য’ ও ‘বিতর্কিত’ ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদায়ন এবং শীর্ষ নেতাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে একযোগে ২২ জন পদস্থ নেতা পদত্যাগ করেছেন।

শুক্রবার (১৫ মে) সকালে পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কমিটির দপ্তর সম্পাদক মোহাম্মদ রাফসান জানি রিয়াজ। এর আগে বৃহস্পতিবার (১৪ মে) মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দীনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যের এই বিশাল কমিটি ঘোষণা করা হয়েছিল।

পদত্যাগকারী নেতাদের দাবি, কমিটির পেছনে কাজ করেছে ব্যক্তিস্বার্থ ও অর্থকড়ি। তাদের অভিযোগ, বর্তমান কমিটির কয়েকজন দায়িত্বশীল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, অর্থের বিনিময়ে পদ বিক্রি এবং মামলা বাণিজ্যের মতো গুরুতর প্রমাণ রয়েছে। এমনকি সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নকারী ‘নারী কেলেঙ্কারির’ মতো অভিযোগও তোলা হয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার বিরুদ্ধে।

সদ্য পদত্যাগ করা দপ্তর সম্পাদক রাফসান জানি রিয়াজ বলেন, “আমরা যারা শুরু থেকে দলের জন্য শ্রম দিয়েছি, সেই নিবেদিতপ্রাণ কর্মীদের এই কমিটিতে কোনো মূল্যায়ন করা হয়নি। উল্টো অযোগ্যদের বসিয়ে দেওয়া হয়েছে। আমরা এই কমিটির আমূল পরিবর্তন চাই এবং কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে বিষয়টি লিখিতভাবে জানাব।”

সহ-সাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম সাঈদ তার পদত্যাগপত্রে উল্লেখ করেন, “আদর্শ ও স্বচ্ছ রাজনৈতিক চর্চার স্বপ্ন নিয়ে আমরা এনসিপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু বর্তমান কমিটির দুর্নীতি ও ব্যক্তিস্বার্থ দেখে আমরা গভীরভাবে হতাশ। এই নোংরা সংস্কৃতির সঙ্গে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।”

পদত্যাগকারী ২২ জনের মধ্যে রয়েছেন ৫ জন যুগ্ম আহ্বায়ক—সৈয়দ এহছানুল হক, কামরুল কায়েস প্রমুখ; ৫ জন যুগ্ম সদস্যসচিব—মো. সোহরাব চৌধুরী, হামিদুল ইসলাম, বদিউল আলম, মোহাম্মদ সরোয়ার আলম ও ইকবাল মাসুদ। এ ছাড়া ১০ জন সহ-সাংগঠনিক সম্পাদকসহ দপ্তর ও সমাজকল্যাণ সম্পাদকও পদত্যাগ করেছেন।

চট্টগ্রামের রাজনীতিতে নবীন এই দলটির এমন বড় ভাঙন বা পদত্যাগ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কমিটির ভবিষ্যৎ এবং কেন্দ্রীয় নেতৃত্ব এই সংকট কীভাবে সামাল দেন, এখন সেটাই দেখার বিষয়।