প্রধানমন্ত্রী তারেক রাহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি – Uttorpatro TV

প্রধানমন্ত্রী তারেক রাহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৫, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে বিআরটি প্রকল্পের উড়ালসেতুর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, পয়লা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী। এ সময় সকাল থেকেই টঙ্গীর ওই এলাকায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন।

সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে তারা স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে নেতাকর্মীরা গাড়িবহরের গতি রোধ করে দাঁড়িয়ে পড়েন এবং নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। এতে কিছুটা উত্তেজনা সৃষ্টি হলেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

নুরুল ইসলামের ছেলে শাহনূর ইসলাম রনি বলেন, তার বাবা সম্পূর্ণ নির্দোষ এবং মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি। তিনি প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বাবার মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নুরুল ইসলাম সরকারকে আসামি করা হয় এবং একই বছর তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে হাইকোর্ট এই মামলায় ছয়জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। নুরুল ইসলাম সরকার প্রথমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও আপিলের পর তার সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়।

বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। এছাড়া, এ মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত নয়জন আসামি এখনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।