
মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা
কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীপথে নৌ পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজির সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে। বুধবার সকালে পাড়ারবন্ধ এলাকা সংলগ্ন নদীপথে চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির এই অভিযান পরিচালনা করেন ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আজমগীর হোসেন।
আটক দুই যুবক হলেন—পাড়ারবন্ধ এলাকার রাকিব হোসেন (২০) ও আব্দুল আজিজ (২৩)। নৌ পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি নদীপথে চলাচলকারী নৌযান, মাঝি-নাবিক ও শ্রমিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।
অভিযানের সময় চাঁদাবাজিতে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি রামদা ও দুটি লোহার রড জব্দ করা হয় বলে দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।
পরিদর্শক আজমগীর হোসেন বলেন, “নদীপথে চাঁদাবাজি দমনে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের মতে, চাঁদাবাজির কারণে দীর্ঘদিন ধরে এ নদীপথে মাঝি-নাবিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল। নৌ পুলিশের সফল অভিযানে অবশেষে স্বস্তি ফিরে এসেছে নদীপথে।