জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর দেশের বাসভাড়া সমন্বয় করেছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরসহ আন্তজেলা রুটে প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নতুন ভাড়া আজ থেকেই কার্যকর হবে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম বাড়া বা কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়াও সমন্বয় করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। আন্তজেলা রুটে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করা হয়েছে। তবে সর্বনিম্ন ভাড়া আগের মতোই ১০ টাকা বহাল রয়েছে।
এর আগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর নেতৃত্বাধীন ভাড়া পুনর্নির্ধারণ কমিটি প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। তবে সরকার সেই প্রস্তাব আংশিক কমিয়ে ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।