রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটি যেন ক্ষতিগ্রস্ত বা বন্ধ না হয়, ভুক্তভোগী পরিবারও তেমনটাই চায় বলে জানিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ শনিবার (৬ জুন) রাজধানীর তেজগাঁওয়ের একটি হোটেলে ‘পরিবার এবং হাসপাতাল কর্তৃপক্ষ’ আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।
সংবাদ সম্মেলনে আইনজীবী শিশির মনির বলেন, “ভুক্তভোগী পরিবার ও আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ একমত হয়েছে যে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যেন পুরো হাসপাতাল বন্ধ বা ক্ষতিগ্রস্ত না হয়। তবে যার বা যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ দাবি করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে শিশির মনির বলেন, তিনি এখানে কোনো নির্দিষ্ট পক্ষের হয়ে নয়, বরং সালিসি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন। সংশ্লিষ্ট সব পক্ষের পূর্ণ সন্তুষ্টি নিশ্চিত করে সৌহার্দ্যপূর্ণভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন তিনি, যা দেশের আইন অঙ্গনে একটি নতুন দৃষ্টিভঙ্গি।
গত ২৭ মে মগবাজারের আদ্–দ্বীন হাসপাতালে মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় গঠিত সরকারি তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতালের ভবনটি চিকিৎসা কার্যক্রমের জন্য অনুপযুক্ত এবং চিকিৎসক ও নার্সদের অবহেলার প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। এরপর গত ৪ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়।
আগামীকাল রোববার বিকেল ৫টার মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার কথা রয়েছে। তবে সংবাদ সম্মেলনে শিশির মনির দাবি করেন, স্বাস্থ্য অধিদপ্তরের এই নোটিশটি আইনসম্মত নয়। তিনি বলেন:
“যেসব কারণে একটি হাসপাতালের লাইসেন্স বাতিল করা যায়, তার কোনো কারণ এখানে বিদ্যমান নেই। শাস্তি অবশ্যই আইন অনুযায়ী দিতে হবে, তবে শাস্তি দিতে গিয়ে লাখ লাখ সাধারণ মানুষের চিকিৎসা সেবা ব্যাহত বা ক্ষতি করা ঠিক হবে না।”
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর আদ্-দ্বীন পাঁচ সদস্যের একটি নিজস্ব তদন্ত কমিটি গঠন করেছিল এবং ইতিমধ্যে সংশ্লিষ্ট বিভাগের দুজনকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি, আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাসহ ভুক্তভোগী পরিবারগুলোর পাশে আজীবন থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মো. আবদুস সবুর, আদ্-দ্বীন ফাউন্ডেশনের উপদেষ্টা আফিকুর রহমান, হাসপাতালের মহাপরিচালক নাহিদ ইয়াসমিন এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা।আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ চায় না ভুক্তভোগী পরিবারও: ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার আশ্বাস