হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিল: তিন মিনিটেই উধাও, পুলিশ বলছে শনাক্তের চেষ্টা চলছে - Uttorpatro TV

হাটহাজারীতে নিষিদ্ধ আওয়ামী লীগ–যুবলীগ–ছাত্রলীগের ঝটিকা মিছিল: তিন মিনিটেই উধাও, পুলিশ বলছে শনাক্তের চেষ্টা চলছে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 30, 2025

নিজস্ব রিপোর্টার

চট্টগ্রামের হাটহাজারীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা–কর্মী ভোরে আকস্মিক এক ঝটিকা মিছিল করেছেন। রোববার (৩০ নভেম্বর) সকালে নন্দীরহাট এলাকায় প্রায় তিন মিনিট স্থায়ী এই সংক্ষিপ্ত মিছিলটি স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ভোরের দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল নন্দীরহাটের ধোপার দিঘির পাড় থেকে মিছিলটি শুরু করে দ্রুত এগিয়ে যায়। মিছিলটিতে নেতৃত্ব দেন চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদ। তার সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন

মিছিল শুরু হওয়ার তিন মিনিটের মধ্যেই তারা দ্রুত এলাকা ত্যাগ করেন।
ইতোমধ্যে তাদের ঝটিকা মিছিলের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ‘হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ–সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার হাতে নিয়ে মিছিল করছে দলটি। অংশগ্রহণকারীদের মধ্যে কিছুজন হেলমেট পরিহিত ছিলেন এবং কয়েকজন মুখ ঢেকে মিছিলে যোগ দেন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেপ্তারের বিষয়েও পুলিশ কাজ করছে।”

প্রকাশ্য নিষেধাজ্ঞা অমান্য করে এমন ঝটিকা মিছিল স্থানীয়ভাবে নতুন আলোচনার জন্ম দিয়েছে।