ছবিঃ সংগৃহীত
দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন এনেছে সরকার। দেশের ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত ১১টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১০টিতে আগের উপাচার্যদের অব্যাহতি দিয়ে নতুন মুখ আনা হয়েছে। অন্যদিকে, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি আগে থেকেই শূন্য থাকায় সেখানে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নতুন অভিভাবক পাওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
কোন বিশ্ববিদ্যালয়ে কে পেলেন দায়িত্ব? মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হক উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করিম এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রকৌশল শিক্ষার আরেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ডুয়েট (গাজীপুর)-এ উপাচার্য হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ড. মোহাম্মদ মোশারফ হোসেন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম নিয়োগ পেয়েছেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. গোলাম রব্বানী, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. আবুল হাসনাত মোহা: শামীম এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চবির অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন।
এই নিয়োগ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ অধ্যাপকদের প্রাধান্য দেওয়া হয়েছে। উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং প্রশাসনিক স্থবিরতা কাটাতে এই পরিবর্তনগুলো ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়। নবনিযুক্ত উপাচার্যগণ সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সরকারের এই পদক্ষেপের ফলে দীর্ঘদিনের নেতৃত্ব সংকট কাটবে বলে ধারণা করা হচ্ছে।