পুলিশ সপ্তাহ ২০২৬: প্রধানমন্ত্রীর কাছে স্বতন্ত্র পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশ সদস্যদের - Uttorpatro TV স্বতন্ত্র পে-স্কেল ও সুদমুক্ত ঋণের দাবি: পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর আশ্বাস

পুলিশ সপ্তাহ ২০২৬: প্রধানমন্ত্রীর কাছে স্বতন্ত্র পে-স্কেলসহ একগুচ্ছ দাবি পুলিশ সদস্যদের

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১১, ২০২৬
পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশ সপ্তাহের কল্যাণ প্যারেডে উপস্থিত পুলিশ কর্মকর্তারা। আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘কল্যাণ প্যারেড’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে নিজেদের বিভিন্ন সংকট ও দাবিদাওয়া তুলে ধরেছেন পুলিশ সদস্যরা। সামরিক বাহিনী ও বিচার বিভাগের আদলে পুলিশের জন্যও একটি পৃথক বেতনকাঠামো (স্বতন্ত্র পে-স্কেল) চালুর দাবি এখন বাহিনীর অভ্যন্তরে জোরালো হয়ে উঠেছে। রোববার আয়োজিত এক রুদ্ধদ্বার সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়।

প্যারেডে উপস্থিত পুলিশের শীর্ষ কর্মকর্তারা জানান, বর্তমানে দেশের সশস্ত্র বাহিনী (সেনা, নৌ ও বিমানবাহিনী) এবং বিচার বিভাগের জন্য আলাদা বেতন কাঠামো কার্যকর রয়েছে। পুলিশ সদস্যরাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিরামহীন দায়িত্ব পালন করেন বিধায় তাদের জন্য একই ধরনের স্বতন্ত্র স্কেল চালুর দাবি জানানো হয়েছে।

পাশাপাশি, পুলিশ সদস্যদের অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে রয়েছে:

  • তদন্ত ভাতা বৃদ্ধি: বর্তমানে একটি মামলার রহস্য উদঘাটনে তদন্তকারী কর্মকর্তাকে মাত্র পাঁচ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়, যা বর্তমান প্রেক্ষাপটে অপ্রতুল। এই বরাদ্দ বাড়ানোর দাবি জানানো হয়েছে।

  • মোটরসাইকেল ঋণ: উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাদের জন্য সুদবিহীন মোটরসাইকেল ঋণের দাবি তোলা হয়েছে।

  • অতিরিক্ত কাজের পারিশ্রমিক: পুলিশের কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা নেই। তাই নির্ধারিত সময়ের বাইরে দায়িত্ব পালনের জন্য ‘ওভারটাইম’ ভাতার দাবি জানানো হয়েছে।

কল্যাণ প্যারেডে একজন সদস্য প্রস্তাব করেন, পুলিশ সদস্যরা যেন অবসরের সময় সম্মানসূচক এক ধাপ উপরের পদমর্যাদা পান। অর্থাৎ, একজন কনস্টেবল অবসরের সময় অনারারি এএসআই এবং একজন এসআই অনারারি ইন্সপেক্টর হিসেবে পদায়ন পাবেন। এতে করে দীর্ঘ কর্মজীবন শেষে পুলিশ সদস্যরা সামাজিক ও আর্থিকভাবে সম্মানিত বোধ করবেন।

পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত পুলিশ সপ্তাহের কল্যাণ প্যারেডে প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনেছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশ সদস্যদের দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সাথে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে এসআইদের জন্য মোটরসাইকেল কেনার সুদমুক্ত ঋণ প্রদানের বিষয়টি ইতিবাচকভাবে দেখার আশ্বাস দেন। এছাড়া পুলিশ সদস্যদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান তৈরির বিষয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সংশ্লিষ্ট সচিবকে দিকনির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, পুলিশের নিজস্ব জমিতেই এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গড়ে তোলা সম্ভব।

একই সাথে, পুলিশের চিকিৎসাসেবা আধুনিকায়নে রাজারবাগ কেন্দ্রীয় হাসপাতালসহ বিভাগীয় হাসপাতালগুলোর মানোন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক বিজ্ঞপ্তিতে জানান, সরকার পুলিশ বাহিনীকে একটি জনবান্ধব ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, কনস্টেবল পদে দীর্ঘ ৪০ বছর চাকরি করার পরও পদোন্নতি না পাওয়ার বিষয়টি নিরসনে বিশেষ নীতিমালা করা হবে।

মন্ত্রী আরও বলেন, দেশে বিদ্যমান ‘মব কালচার’ বা দলবদ্ধ বিশৃঙ্খলা নির্মূল করতে প্রচলিত আইন সংশোধন করে আরও যুগোপযোগী করা হবে। তিনি পুলিশ বাহিনীকে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এবারের পুলিশ সপ্তাহের অন্যতম আলোচিত বিষয় ছিল পদক প্রদান স্থগিত হওয়া। সাধারণত সাহসিকতা ও সেবামূলক কাজের জন্য বিপিএম ও পিপিএম পদক দেওয়া হলেও, শেষ মুহূর্তে তালিকা নিয়ে অনিয়ম ও আপত্তির অভিযোগ আসায় এই প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।

পদক কমিটির আহ্বায়ক খোন্দকার রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে ১১৫ জনের তালিকা করা হলেও তা পুনঃযাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে। যোগ্য ও বিতর্কহীন কর্মকর্তাদের হাতেই এই রাষ্ট্রীয় সম্মান তুলে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।