দুই মাসের মধ্যে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা। - Uttorpatro TV প্রবাসীদের জন্য বিশেষ কার্ড ও নিরাপদ বিনিয়োগের নিশ্চয়তা: প্রবাসী কল্যাণ মন্ত্রী

দুই মাসের মধ্যে রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে বিশেষ সুবিধা।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১০, ২০২৬
ছবি- অনলাইন থেকে সংগৃহীত

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি প্রবাসীদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে এবং বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এই কার্ডের আওতায় প্রবাসীরা বিমানবন্দরে দ্রুত ইমিগ্রেশন পারাপারসহ দেশে তাঁদের জানমালের বিশেষ সুরক্ষা ও লজিস্টিক সুবিধা পাবেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ অংশ নিতে গিয়ে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী জানান, যারা নিয়মিত ও বৈধ পথে দেশে অর্থ পাঠান, তাদের অবদানকে সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আগামী দুই মাসের মধ্যেই এই বিশেষ কার্ড চালুর সম্ভাবনা রয়েছে। এই কার্ডধারীরা দেশে ফেরার পর বিমানবন্দরে বাড়তি অগ্রাধিকার পাবেন। এছাড়া যারা বেশি পরিমাণ রেমিট্যান্স পাঠাবেন, তাদের জন্য আনুপাতিক হারে লজিস্টিক সহায়তার পরিমাণও বাড়ানো হবে।

ছবি- অনলাইন থেকে সংগৃহীত

দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী আরও জানান, বিদেশে কোনো প্রবাসীর মৃত্যু হলে তাঁর মরদেহ সরকারি খরচে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কার্যকর নীতি গ্রহণ করা হচ্ছে। প্রবাসীবান্ধব এই সরকার দেশের উন্নয়নে নিয়োজিত এই কর্মীদের সর্বোচ্চ মর্যাদা দিতে বদ্ধপরিকর।

প্রবাসীরা অনেক সময় দেশে বিনিয়োগ করতে গিয়ে প্রতারণা বা আমলাতান্ত্রিক জটিলতার সম্মুখীন হন। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এছাড়া ঢাকা-নিউইয়র্ক রুটে সরাসরি আকাশপথ চালুর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটি সময়সাপেক্ষ হলেও সরকার এ বিষয়ে ইতিবাচক এবং অন্যান্য দেশের সাথেও সরাসরি যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা রয়েছে।

সিলেট-৪ আসনের সংসদ সদস্য হিসেবে নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন নিয়েও কথা বলেন আরিফুল হক চৌধুরী। তিনি জানান, পর্যটন কেন্দ্র জাফলং পর্যন্ত রেল যোগাযোগ সম্প্রসারণ এবং গোয়াইনঘাট এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। পর্যটন খাতকে চাঙ্গা করতে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন করা হচ্ছে।

সবশেষে তিনি রাজনৈতিক প্রতিহিংসা ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রবাসীদের দক্ষতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।