চট্টগ্রামে এনসিপির বড় শো-ডাউন: ড. ইউনূসের আত্মীয়সহ সাত শতাধিক ব্যক্তির যোগদান - Uttorpatro TV চট্টগ্রামে এনসিপিতে যোগ দিলেন ৭০০ জন: নেতৃত্বে নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে এনসিপির বড় শো-ডাউন: ড. ইউনূসের আত্মীয়সহ সাত শতাধিক ব্যক্তির যোগদান

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: May 8, 2026
ছবি- অনলাইন থেকে সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বন্দরনগরী চট্টগ্রামে বড় ধরনের সাংগঠনিক শক্তির জানান দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই গণ-অভ্যুত্থান হলে’ আয়োজিত এক অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের এক সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সাত শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেছেন।

নবাগতদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক ও কনটেন্ট ক্রিয়েটরদের পাশাপাশি বিএনপি ও এলডিপির বেশ কয়েকজন নেতাকর্মীও রয়েছেন। এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম চট্টগ্রামের ঐতিহাসিক বিপ্লবী চেতনার কথা স্মরণ করেন। তিনি বলেন, মাস্টারদা সূর্যসেন ও প্রীতিলতার এই জনপদ সবসময়ই বিপ্লবের সূতিকাগার। এনসিপি সেই চেতনাকে ধারণ করে চট্টগ্রামকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে।

পশ্চিমবঙ্গের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, “প্রতিবেশী রাজ্যে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর আমাদের ব্যথিত করে। আমরা অঙ্গীকার করছি, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য বাংলাদেশ হবে সবচেয়ে নিরাপদ এবং আদর্শ রাষ্ট্র। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি যেকোনো মূল্যে বজায় রাখা হবে।”

অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তব্যে বিএনপির বর্তমান রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিএনপি এখন সেই পথ থেকে বিচ্যুত হচ্ছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও এনসিপি সারাদেশে তার জনসমর্থন বাড়িয়ে চলেছে বলে তিনি দাবি করেন।

জুলাই বিপ্লবে নারীদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, টেকসই রাষ্ট্র গঠনে নারী নেতৃত্বকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে।

রাজনৈতিক আলোচনার পাশাপাশি জনস্বাস্থ্য ইস্যুতেও কথা বলেন নাহিদ ইসলাম। দেশে সম্প্রতি হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি সরকারকে দ্রুত পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার তাগিদ দেন।

এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার তাঁর বক্তব্যে স্পষ্ট জানান যে, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কোনো প্রকার আপস করবে না। প্রয়োজনে চট্টগ্রাম থেকেই নতুন করে অধিকার আদায়ের আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগরীর যুগ্ম সমন্বয়কারী আরিফ মঈনুদ্দিন।