
নিজস্ব প্রতিবেদক | কেশবপুর
যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে বেড়াতে আসা এক যুবককে ‘অনৈতিক কাজের’ অভিযোগ তুলে বর্বরোচিতভাবে মারধর করার খবর পাওয়া গেছে। পহেলা বৈশাখের এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ দুপুরে কপোতাক্ষ নদের তীরে এক যুবক ও তরুণী বসে থাকাকালীন স্থানীয় ভ্যানচালক বনি হোসেন তাদের ওপর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তোলেন। এর প্রতিবাদ করলে বাপ্পি রেজা, সৌরভ কুণ্ডুসহ কয়েকজন যুবক ওই পর্যটকের ওপর চড়াও হন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিযুক্ত বাপ্পি রেজা ওই যুবককে উপর্যুপরি লাথি ও কিলঘুষি মারছেন, আর সাথে থাকা তরুণীটি পর্যটককে বাঁচাতে হামলাকারীদের পা জড়িয়ে ধরে আকুতি জানাচ্ছেন। এ সময় জেলা পরিষদের এক কর্মচারীকেও লাঠি হাতে ভয় দেখাতে দেখা যায়।
সাগরদাঁড়ি মধুসূদন একাডেমির পরিচালক কবি খসরু পারভেজ জানান, এ ধরনের ঘটনা পর্যটনে নেতিবাচক প্রভাব ফেলবে। স্থানীয়দের অভিযোগ, একটি চক্র প্রায়ই পর্যটকদের ভয় দেখিয়ে অর্থ আদায় করে।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন বলেন, “কেউ আইন হাতে তুলে নিতে পারেন না। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।