আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের ব্যাখ্যা - Uttorpatro TV

আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের ব্যাখ্যা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 17, 2026

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি ফিলিং স্টেশনে কর্তব্যরত এক পুলিশ সদস্যকে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে ইউনিফর্ম ও হেলমেট পরিহিত অবস্থায় নিজ ব্যবহৃত মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে গিয়ে তিনি এ জরিমানার মুখে পড়েন।

এ ঘটনায় শুক্রবার (১৭ এপ্রিল) জেলা পুলিশের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের স্বাক্ষর করেন।

বিবৃতিতে জানানো হয়, গত ২৯ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় জরুরি সেবায় নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল প্রশাসন ও সাংবাদিকদের জন্য বিকল্প লাইনে জ্বালানি সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী সংশ্লিষ্টরা এতদিন বিকল্প লাইনে তেল নিচ্ছিলেন।

তবে ১৬ এপ্রিল উক্ত পুলিশ সদস্য জরুরি প্রয়োজনে বিকল্প লাইনে তেল নিতে গেলে দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করেন বলে উল্লেখ করা হয়।
ছবি- ইন্টারনেট 

জেলা পুলিশ তাদের বিবৃতিতে জানায়, পুলিশ একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে সর্বদা জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনসেবায় নিয়োজিত। জ্বালানি সংকট মোকাবেলায় জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে তারা।

এছাড়া, জরুরি পরিষেবায় নিয়োজিত সদস্যকে এভাবে জরিমানা করার ঘটনায় বাহিনীর মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও উল্লেখ করা হয়। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানায় কর্মরত পুলিশ সদস্য তৌহিদুল ইসলাম নিয়ম ভেঙে মোটরসাইকেলে তেল নিতে যাওয়ায় তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মো. ছাফিউল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।