
কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতির পথরোধ করে স্বামীকে জিম্মি রেখে তরুণী গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে হোমনা পৌর এলাকার কৃষি কলেজ সংলগ্ন নির্জন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে হোমনা থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমান (২৪)-কে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার রাতে তারা অটোরিকশায় করে তিতাস উপজেলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় দুইটি মোটরসাইকেলে এসে একদল যুবক তাদের গতিরোধ করে।
পরে অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাসহ দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায়। সেখানে স্বামীকে আলাদা করে রেখে প্রধান আসামি ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর অভিযুক্তরা তাদের ছেড়ে দিলে ভুক্তভোগী দম্পতি রাতেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আশ্রয় নেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত প্রায় ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে ভুক্তভোগীকে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।