
নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লার বরুড়া উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নে রাতভর চলছে অবৈধ মাটি কাটার মহোৎসব। সরেজমিনে গিয়ে দেখা যায়—পেরপেটি থেকে শাপলোলা যাওয়ার মেইন সড়কের পূর্ব পাশে বিএনপি নেতা আজাদের নেতৃত্বে ভেকু দিয়ে বিশাল এলাকা কেটে সমতল করা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ,
দিনের বেলা কাজ বন্ধ রাখা হলেও রাত নামলেই ভেকুর গর্জন আর ট্রাকের শব্দে পুরো এলাকা কাঁপতে থাকে। মেইন সড়কজুড়ে সারি সারি ট্রাক দাঁড়িয়ে থেকে অবৈধভাবে মাটি বহন করছে। এতে রাস্তা, পরিবেশ ও ফসলি জমির ভয়াবহ ক্ষতি হচ্ছে, কিন্তু প্রশাসনের কোনো পদক্ষেপ নেই।
একাধিক নাম না প্রকাশের শর্তে স্থানীয়রা বলেন,
“আজাদ কি এমন ক্ষমতাধর যে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না? আমরা নাম বললে কালই ঘরবাড়ি লুটপাট বা ভাঙচুর হতে পারে—এই ভয়ে মুখ খুলতে পারি না।”
অভিযোগ রয়েছে—
ভেকু দিয়ে গভীর গর্ত করে মাটি তোলায় জমির উর্বরতা নষ্ট হচ্ছে, বোরো ও সবজির জমি ধ্বংস হয়ে যাচ্ছে। সড়কে তৈরি হচ্ছে বড় বড় ফাটল, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
আইনজ্ঞদের মত,
বাংলাদেশে অনুমোদন ছাড়া ভেকু বা ড্রেজার ব্যবহার করে মাটি কাটলে কঠোর শাস্তির বিধান আছে। কিন্তু বরুড়ায় সেই আইন কার্যকর হচ্ছে না বলেই প্রশ্ন উঠছে প্রশাসনের “রহস্যজনক নীরবতা” নিয়ে।
স্থানীয়দের জোর দাবি—
অবিলম্বে বিশেষ অভিযান চালিয়ে ভেকু জব্দ, আজাদসহ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনা হোক এবং ক্ষতিগ্রস্ত রাস্তা ও জমির পুনর্গঠনের ব্যবস্থা করা হোক।