জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
দুই বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের পানি সরবরাহের লাইন অবশেষে চালু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পানি শোধনাগার দ্রুত চালু ও সুপেয় পানি সরবরাহের দাবিতে মানববন্ধনের একদিন পর সোমবার (১৪ সেপ্টেম্বর) পানি সরবরাহের লাইন চালু করা হয়।
দীর্ঘদিন আগে পানি শোধনাগারের নির্মাণকাজ শেষ হলেও সেটি চালু না হওয়ায় পৌরবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছিল। এ নিয়ে রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার সামনে মানববন্ধন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধন থেকে দ্রুত পানি সরবরাহ চালু করে পৌরবাসীর সুপেয় পানির সংকট নিরসনের দাবি জানানো হয়।
স্থানীয়রা জানান, পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট নিরসনের লক্ষ্যে বিপুল অর্থ ব্যয়ে পানি শোধনাগার নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় সেটি চালু না হওয়ায় প্রকল্পটির সুফল পাচ্ছিলেন না সাধারণ মানুষ। অবশেষে পানি সরবরাহের লাইন চালু হওয়ায় পৌরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
তবে স্থানীয়দের দাবি, শুধু পানি সরবরাহের লাইন চালু করলেই হবে না; নিয়মিত, নিরাপদ ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। পৌরসভার প্রতিটি এলাকায় পর্যায়ক্রমে পানি পৌঁছে দেওয়ার পাশাপাশি পানি শোধনাগারের কার্যক্রম নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণেরও দাবি জানিয়েছেন তারা।
রোববারের মানববন্ধনে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, এনামুল হক, সাইফুল ইসলাম, আবু সাঈদ মোহাম্মদ মুজাহিদ, শাহিন আলম, পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা পানি শোধনাগার চালুর পাশাপাশি পৌরসভার চলমান রাস্তা ও ড্রেন নির্মাণকাজে ধীরগতি এবং নিম্নমানের কাজের অভিযোগ তুলে এসব কাজের গুণগত মান নিশ্চিত করার দাবি জানান।
পানি সরবরাহের লাইন চালু হওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের প্রত্যাশা, দ্রুত পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করে পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত ও নিরাপদ সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে।