গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুরের বাহাদুরাবাদের মধ্যে সংযোগকারী তিস্তামুখ-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি এখন আরও জোরালো হচ্ছে। এই আন্দোলনকে বেগবান ও ফলপ্রসূ করতে গঠিত হয়েছে একটি শক্তিশালী কেন্দ্রীয় কমিটি।
গত ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ‘তিস্তামুখ-বাহাদুরাবাদ দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সামসুল হক সরকার।
উক্ত সভায় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনবী টুটুলকে আহ্বায়ক এবং হাফিজুর রহমান বাবুকে সদস্য সচিব করে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। সভায় ফুলছড়ি, ফজলুপুর, গজারিয়া, ভরতখালী, মুক্তিনগর ও সাঘাটা ইউনিয়নের শতাধিক পেশাজীবী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মোট ১৭টি ইউনিয়নে দ্রুত কমিটি গঠন করা হবে।
ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন শেষে একটি কেন্দ্রীয় নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকের মাধ্যমেই সেতুর দাবি আদায়ে চূড়ান্ত ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।