‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার ও কেয়া পায়েল ছবি : নির্মাতার সৌজন্যে

বর্তমান সময়ের অন্যতম আলোচিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ তার সফল যাত্রার একদম শেষ প্রান্তে পৌঁছেছে। জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই পারিবারিক নাটকটি ৫২তম পর্বে এসে সমাপ্ত হতে যাচ্ছে। তবে সমাপ্তির আগেই এর ৪৯তম পর্বটি দর্শকদের মাঝে এক অভাবনীয় আবেগীয় আলোড়ন তৈরি করেছে।
নাটকটির ৪৯তম পর্বে প্রধান দুই চরিত্র ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামিরের (খায়রুল বাসার) বাবার মৃত্যু দেখানো হয়েছে। পর্দার এই বিয়োগান্তক দৃশ্য কেবল অভিনেতাদেরই নয়, কাঁদিয়েছে দেশ-বিদেশের লাখো সাধারণ দর্শককে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের কমেন্ট বক্সে দর্শকেরা তাদের আবেগ ধরে রাখতে পারছেন না। অনেকেই লিখেছেন, নিজের হারিয়ে যাওয়া বাবার কথা মনে করে তারা চোখের পানি ধরে রাখতে পারেননি।

‘এটা আমাদেরই গল্প’ নাটকে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, সুনেরাহ্ বিনতে কামাল ও কেয়া পায়েল ছবি : নির্মাতার সৌজন্যে
সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র কয়েক দিনেই এই পর্বটির ভিউ ছাড়িয়েছে ১ কোটি ২৭ লাখ। ৩৩ হাজারের বেশি মন্তব্যে দর্শকেরা নির্মাতাকে উদ্দেশ্য করে বলছেন, “এতটা আবেগঘন না করলেও পারতেন!”
নাটকটির জনপ্রিয়তা এতটাই তুঙ্গে যে, এর ৫০তম পর্বটি মুক্তির মাত্র ১৮ ঘণ্টার মধ্যে ১ কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। লতিফা বেগম নামের এক দর্শক মন্তব্য করেছেন, “পুরো প্রজন্ম এই নাটকের ভক্ত হয়ে গেল।” আবার অনেকেই ড. এজাজসহ অন্যান্য অভিনয়শিল্পীদের নিখুঁত অভিনয়ের প্রশংসা করেছেন। দর্শকদের মতে, বিদেশি সিরিয়ালের ভিড়ে ‘এটা আমাদেরই গল্প’ আবারও বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র এবং সম্পর্কের টানাপোড়েনকে পর্দায় ফিরিয়ে এনেছে।
সাধারণত এই ধারাবাহিকের প্রতিটি পর্ব ২৫ মিনিটের হলেও দর্শকদের ব্যাপক অনুরোধে শেষ পর্বটি নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন পরিচালক। ৫২তম পর্বটি হবে একটি বিশেষ মেগা পর্ব, যার দৈর্ঘ্য হবে প্রায় ৯২ মিনিট।
দর্শকদের এই ভালোবাসা প্রসঙ্গে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, “দর্শকের এই কান্না আসলে গল্পের প্রতি তাদের ভালোবাসারই বহিঃপ্রকাশ। আমরা কোনো বাড়াবাড়ি করিনি, শুধু জীবনের কাছাকাছি থাকার চেষ্টা করেছি। মানুষের নিজের পরিবারের গল্পটাই হয়তো তাদের এতোটা টেনেছে।”
৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই নাটকে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, সুনেরাহ্ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা মিঠু। পারিবারিক মূল্যবোধের এই গল্পটি দর্শকদের হৃদয়ে দীর্ঘকাল দাগ কেটে থাকবে বলে সংশ্লিষ্টদের বিশ্বাস।

‘এটা আমাদেরই গল্প’ নাটকের পোস্টার ছবি : নির্মাতার সৌজন্যে