ইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তা দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট - Uttorpatro TV

ইরানের জন্য জরুরি চিকিৎসা সহায়তা দিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 23, 2026
ইরানের জনগণের জন্য সহায়তাসামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে অতিথিরা। ঢাকায় ইরানি দূতাবাসে, ২৩ এপ্রিল ২০২৬ ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। মানবিক সহায়তার অংশ হিসেবে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বৃহস্পতিবার ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব কবির এম আশরাফ আলম এসব সহায়তা বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) নজরুল ইসলাম এবং পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সরকারের পক্ষ থেকে জানানো হয়, মধ্যপ্রাচ্যের সংঘাতে আহত ইরানি নাগরিকদের চিকিৎসা সহায়তা দিতে জরুরি ওষুধ ও সরঞ্জাম কেনার জন্য গত ৬ এপ্রিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়।

অনুষ্ঠানে নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধান আসবে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফিরে আসবে।

এ সময় ইরানের রাষ্ট্রদূত এই সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে এই দুঃসময়ে বাংলাদেশের সহমর্মিতাকে বিশেষভাবে প্রশংসা করেন।