
রাজধানীর দারুস সালাম এলাকায় কান্না থামাতে না পেরে তিন মাস বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার সৎবাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত অপূর্বকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর মা রাজিয়া খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, অপূর্ব তার স্ত্রী রাজিয়া খাতুন ও শিশুটিকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। ভোরের দিকে শিশুটি মায়ের পাশে শুয়ে কান্নাকাটি করছিল। এ সময় অপূর্ব শিশুর কান্না বন্ধ না করলে তাকে মেরে ফেলার হুমকি দেন।
শিশু হত্যা প্রতীকী ছবি
একপর্যায়ে শিশুর কান্না না থামায় অপূর্ব তার মুখ চেপে ধরেন। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় মায়ের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে এবং পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানান, অভিযুক্ত অপূর্ব এর আগে একটি মাদক মামলায় কারাগারে ছিলেন এবং এক সপ্তাহ আগে জামিনে মুক্তি পান। এরপর তিনি রাজিয়া খাতুনকে বিয়ে করেন।
শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।