মামুন খালেদের জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছ : চিফ প্রসিকিউটর - Uttorpatro TV

মামুন খালেদের জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছ : চিফ প্রসিকিউটর

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 16, 2026


ইলিয়াস আলী ফাইল ছবি
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের পর বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ যোগসূত্রের তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে রাজধানীর বনানী এলাকা থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। দীর্ঘ সময় পার হলেও এখনো তাঁর কোনো খোঁজ মেলেনি। অন্যদিকে শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গুম, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর ১৩ এপ্রিল ট্রাইব্যুনাল-২ তাঁকে দুই দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। পরবর্তীতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা মামুন খালেদ ফাইল ছবি: প্রথম আলো

চিফ প্রসিকিউটর জানান, জিজ্ঞাসাবাদে মামুন খালেদের কাছ থেকে ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনায় কিছু প্রাসঙ্গিক তথ্য পাওয়া গেছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম জোরদারভাবে চলছে এবং তদন্ত শেষ হলে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত চিত্র সামনে আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া, তদন্তের স্বার্থে প্রাপ্ত সব তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

অন্যদিকে, আওয়ামী লীগ সরকারের সময় একাধিক গুম ও হত্যার অভিযোগে দায়ের করা আরেকটি মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার কার্যক্রমও ট্রাইব্যুনালে চলমান রয়েছে। ওই মামলার সাক্ষ্যপ্রমাণ থেকেও ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার সঙ্গে সম্পর্কিত কিছু তথ্য ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।