চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিতে ১২ সদস্যের দল সদস্য গ্রেপ্তার, অস্ত্রসহ উদ্ধার

গাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা, হাতে ছিল বন্দুক, কিরিচ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 16, 2026

১২ সদস্যের তরুণের একটি দল। সবার বয়স ১৮ থেকে ২৫–এর মধ্যে। সড়ক থেকে অদূরে গাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। সবার হাতে ছিল বন্দুক, কিরিচসহ বিভিন্ন অস্ত্র। তবে এর মধ্যে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। এরপর ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

 

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের এজাহার শিকদারের আকাশমণি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) ও একই উপজেলার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রবিন (২৫)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি এলজি (দেশি বন্দুক), একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তাঁদের নামে থানায় দুটি মামলা হয়েছে। তাঁরা ১২ সদস্যের পেশাদার ডাকাতদলের সঙ্গে যুক্ত। আজ দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।