সরকারি প্রকল্পের ৬০টি গরু উধাও, তথ্য প্রকাশে অনাগ্রহ মৎস্য কর্মকর্তার - Uttorpatro TV

সরকারি প্রকল্পের ৬০টি গরু উধাও, তথ্য প্রকাশে অনাগ্রহ মৎস্য কর্মকর্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 15, 2026

নড়াইলের লোহাগড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর জেলেদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ৬০টি গরুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

চলতি অর্থবছরে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিবন্ধিত জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এসব গরু ও গোখাদ্য বিতরণের উদ্যোগ নেওয়া হয়। তবে সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত জেলেদের মধ্যে এসব গবাদিপশু দেওয়ার কথা থাকলেও বাস্তবে কারা গরুগুলো পেয়েছেন, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

এ নিয়ে তথ্য জানতে স্থানীয় সাংবাদিকরা উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম খানের কার্যালয়ে গেলে তিনি সহযোগিতা না করে এড়িয়ে যান। এমনকি সুবিধাভোগীদের তালিকা দিতেও অস্বীকৃতি জানান তিনি।

মাসুম খান দাবি করেন, গরুগুলো ইতোমধ্যে জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে। তবে তার কাছে বর্তমানে কোনো তালিকা নেই, কারণ সেটি প্রকল্প অফিসে জমা দেওয়া হয়েছে। তাই তিনি তালিকা সরবরাহ করতে পারবেন না বলে জানান।

একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছে প্রকল্পসংক্রান্ত তালিকা না থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত জেলেদের বঞ্চিত করে অনিয়মের মাধ্যমে গরু বিতরণ করা হয়েছে, এমনকি আত্মসাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ বিষয়ে নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমেই জানতে পেরেছেন। নিয়ম অনুযায়ী সুবিধাভোগীদের তালিকা উপজেলা অফিসে সংরক্ষিত থাকার কথা। কেন তা দেওয়া হচ্ছে না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সরকারি প্রকল্প বাস্তবায়নে এমন অস্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।