ঋণ জালিয়াতি করে ব্যাংক থেকে ৯ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তা গ্রেপ্তার - Uttorpatro TV

ঋণ জালিয়াতি করে ব্যাংক থেকে ৯ কোটি টাকা আত্মসাৎ, কর্মকর্তা গ্রেপ্তার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: November 30, 2025

অনলাইন ডেক্স

নোয়াখালীতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের দুটি শাখা থেকে প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শাখা ব্যবস্থাপক আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, আলমগীর হোসেন বিভিন্ন ব্যক্তির নামে জাল জাতীয় পরিচয়পত্র ও মুঠোফোন নম্বর ব্যবহার করে ব্যাংক থেকে ঋণ ছাড়িয়ে এই অর্থ আত্মসাৎ করেন। ব্যাংকের নিজস্ব অনুসন্ধানে অভিযোগের সত্যতা মেলে। এ ঘটনার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) গত ২০ অক্টোবর ব্যাংকের রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তীতে নোয়াখালী স্পেশাল সিনিয়র জজ আদালতে দুটি মামলা দায়ের করে দুদক। অভিযোগ প্রমাণিত হওয়ায় আলমগীরকে আগেই চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফারুক আহমেদ জানান, ব্যাংকের দুটি শাখা থেকে ৯ কোটি টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। র‍্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নোয়াখালী জেলার উপপরিচালক ও জেলা কমান্ড্যান্ট মো. সুজন মিয়া বলেন, ‘আমাদের বিভিন্ন সদস্যদের নামে ঋণ (ভুয়া) দেখিয়ে আলমগীর হোসেন অর্থ আত্মসাৎ করেছেন। বিষয়টি দুদক ও ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে উঠে এসেছে।’