ছবি: সাবিনা ইয়াসমিন

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণারত মেধাবী শিক্ষার্থীদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য পিএইচডি ফেলোশিপ ও বৃত্তির আবেদন আহ্বান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। উচ্চশিক্ষায় গবেষণাকে উৎসাহিত করতে এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রতি বছরের মতো এবারও এই আর্থিক সহায়তা প্রদান করা হবে।
গত ৬ মে ট্রাস্টের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পিএইচডি ফেলোশিপ ও বৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ এর শর্তাবলি মেনে যোগ্য গবেষকদের থেকে দরখাস্ত গ্রহণ করা হবে।
আগ্রহী গবেষকদের সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে। আবেদনের উইন্ডো ১০ মে থেকে উন্মুক্ত করা হয়েছে, যা আগামী ১১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে।
অনলাইনে প্রাথমিক আবেদন শেষে ফরমটি ডাউনলোড করতে হবে। এরপর প্রয়োজনীয় নথিপত্রসহ দুই সেট হার্ডকপি সরাসরি অথবা ডাকযোগে রাজধানীর ধানমন্ডিস্থ (বাড়ি নং-৪৪, সড়ক নং-১২/এ) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের কার্যালয়ে জমা দিতে হবে।
গবেষকদের এই ফেলোশিপের আওতায় আসতে হলে নির্দিষ্ট কিছু শিক্ষাগত ও ব্যক্তিগত মানদণ্ড পূরণ করতে হবে:
শিক্ষাগত ফলাফল: প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে অন্তত দুটি প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে ৫.০০ স্কেলে জিপিএ ৩.৫০ এবং ৪.০০ স্কেলে ৩.০০ অর্জন করা বাধ্যতামূলক।
বয়সসীমা: আবেদন জমা দেওয়ার দিন পর্যন্ত প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
পেশাজীবীদের সুযোগ: সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরাও আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি পত্র (NOC) দাখিল করতে হবে।
আবেদন ফরম পূরণের সময় গবেষকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ডিজিটাল ফরম্যাটে সাথে রাখতে হবে। এর মধ্যে রয়েছে সকল পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র, বর্তমান পিএইচডি কোর্সে ভর্তির প্রমাণপত্র বা রেজিস্ট্রেশন কার্ড, একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রস্তাব (বাংলা বা ইংরেজি ভাষায়) এবং সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান ও সুপারভাইজরের সুপারিশপত্র।
কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, যেকোনো আবেদন গ্রহণ বা বর্জনের সম্পূর্ণ অধিকার তারা সংরক্ষণ করে। এ বিষয়ে আরও বিস্তারিত নির্দেশিকা ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এছাড়া কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে ০১৭২৪৫৯৬৬৭৬, ০১৯১৩৭২৮৬৬০ অথবা ০২-৫৫০০০৪২৮ নম্বরগুলোতে কল করতে বলা হয়েছে।