ছবি- আমার দেশ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববার শেষ হতে পারে বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে ইসরাইলকে অবহিত করেছে।
ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান-এর তথ্য অনুযায়ী, ওয়াশিংটন থেকে তেল আবিবকে জানানো হয়েছে—তেহরানকে ঘিরে মার্কিন প্রশাসনের নির্ধারিত সময়সীমা দ্রুত শেষের দিকে এগোচ্ছে। ফলে আলোচনার সময় খুব বেশি নেই বলেই ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘমেয়াদি আলোচনার বদলে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছাতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরাইলি সূত্রগুলোর মতে, চলতি সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।
অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট আগেই জানিয়েছিলেন, ইরানের কাছ থেকে প্রস্তাব পাওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেননি।
মধ্যপ্রাচ্যভিত্তিক একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।