ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদকে হেনস্তা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। তবে অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও অপপ্রচার’ বলে দাবি করেছেন আলাউদ্দিন।
বুধবার বেলা সাড়ে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে সংবাদ সম্মেলনে মুসাদ্দিক এ অভিযোগ করেন। তিনি জানান, দুপুর ১টা ২৫ থেকে ১টা ৩৫ মিনিটের মধ্যে কলা ভবনের পেছনের ফটকের সামনে দিয়ে ক্লাসে যাওয়ার সময় আলাউদ্দিনসহ কয়েকজন তাঁর পথ রোধ করেন।
মুসাদ্দিকের ভাষ্য, ‘আমি জিজ্ঞেস করি কী হয়েছে ভাই, আপনি কে? আমি তাঁকে চিনতে পারিনি। তখনই তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং বলেন, আমার দাঁত ফেলে দেবেন।’
ইসলামী ছাত্রশিবিরের সমর্থনে নির্বাচিত এই ডাকসু নেতা আরও অভিযোগ করেন, আলাউদ্দিন একপর্যায়ে তাঁকে মারতে উদ্যত হন। সঙ্গীরা সরিয়ে নিলেও বারবার তেড়ে এসে হামলার চেষ্টা করেন এবং যাওয়ার সময় হুমকি দিয়ে যান।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মো. আলাউদ্দিন বলেন, ‘আমি শুধু জানতে চেয়েছি, আমার নামে মিথ্যা ও ভুয়া তথ্য কেন ছড়ানো হয়েছে। আমি তো বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র—জবাব চাওয়া কি অন্যায়?’
উল্লেখ্য, আলাউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিভিন্ন রাজনৈতিক মামলার কারণে প্রথম দফায় পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও পরবর্তীতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে পুনর্ভর্তি হন এবং ২০২৩-২৪ সেশনে আবারও ভর্তি হন।