ছবিঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, সোনাগাজী ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরি করতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হওয়া ব্যবসায়ী নূর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাসুদ সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী এবং সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি সপরিবারে সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ বাসায় ইউটিউবে দেখা একটি পদ্ধতি অনুসরণ করে অকটেন তৈরির পরীক্ষা-নিরীক্ষা করছিলেন মাসুদ। এ সময় চুল্লির মাত্রাতিরিক্ত তাপের কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ সকালে না ফেরার দেশে চলে যান এই ব্যবসায়ী।
নিহতের ভাই মোর্শেদ জানান, তার ভাই ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে নতুন কোনো পদ্ধতিতে জ্বালানি তৈরির চেষ্টা করছিলেন। মূলত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।