ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে। – Uttorpatro TV

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সোয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধটি খতিয়ে দেখা হচ্ছে।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ ভারত খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল

শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও থেকে
ব্রিফিংয়ে এক সাংবাদিক উল্লেখ করেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ জানান। পাশাপাশি জাতীয় সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়েও ভারতের অবস্থান জানতে চান তিনি।

জবাবে জয়সোয়াল বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য না করে তিনি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ভারতের আগ্রহের কথা তুলে ধরেন।

তিনি জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পৃক্ততা বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে। প্রাসঙ্গিক কাঠামোর মাধ্যমে অংশীদারত্ব আরও গভীর করার প্রস্তাব খতিয়ে দেখতে উভয় পক্ষ সম্মত হয়েছে এবং শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতেও মতবিনিময় হয়েছে।

এদিকে জ্বালানি সরবরাহ প্রসঙ্গে জয়সোয়াল বলেন, কয়েকটি প্রতিবেশী দেশ ভারতের কাছে জ্বালানি চেয়েছে। দেশটির নিজস্ব চাহিদা ও মজুত বিবেচনায় রেখে এসব দেশে সরবরাহ দেওয়া হচ্ছে। তিনি জানান, গত মার্চে ভারত বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে এবং চলতি মাসেও তা অব্যাহত রয়েছে।