২০৩ কোটি টাকায় দ্বিতীয় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ - Uttorpatro TV

২০৩ কোটি টাকায় দ্বিতীয় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: October 8, 2026

দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতে যাচ্ছে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকার করতোয়া নদী পারাপারে। নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের জন্য ২০৩ কোটি ৫২ লাখ টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্প অনুমোদনের খবর ছড়িয়ে পড়লে বুধবার (৭ অক্টোবর) বিকেলে নদীর দুই পাড়ের বাসিন্দারা মীরগড় এলাকায় জড়ো হয়ে মিষ্টি বিতরণ করেন।
বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেয়া হয়।
তেঁতুলিয়া উপজেলার ভজনপুর থেকে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সড়কের মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর নির্মাণ করা হবে সেতুটি। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত।
স্থানীয়দের আশা, নতুন সেতুটি নির্মাণ হলে করতোয়া নদীর দুই পাড়ের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সংকট দূর হবে। কৃষিপণ্য পরিবহন, চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য যাতায়াতও সহজ হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, করতোয়া নদীর ওপর বর্তমানে একটি কাঠের সেতু দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। সেতুটি দিয়ে পারাপারের সময় নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয় তাদের। প্রতিবার পারাপারে দিতে হয় ১০ টাকা।
এছাড়া কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নিতে এবং অসুস্থ রোগীদের উপজেলা ও জেলা সদরে চিকিৎসার জন্য নিয়ে যেতে নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে বর্ষাকাল ও ভারী যানবাহন চলাচলের সময় কাঠের সেতুটি দিয়ে পারাপারে ঝুঁকি ও দুর্ভোগ আরও বেড়ে যায়।
প্রকল্প অনুমোদনের খবর পেয়ে বুধবার বিকেলে মীরগড় এলাকায় স্থানীয়রা একত্রিত হয়ে মিষ্টি বিতরণ করেন। এ সময় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।
স্থানীয় বাসিন্দা জয় বলেন, ‘দীর্ঘদিন ধরে কাঠের সেতু দিয়ে আমাদের চলাচল করতে হচ্ছে। বর্ষাকালে ও ভারী যানবাহন চলাচলের সময় বেশি সমস্যা হয়। নতুন সেতু নির্মাণের খবর আমাদের জন্য খুবই আনন্দের। সেতুটি হলে যাতায়াতের কষ্ট অনেকটাই কমে যাবে।’
আরেক সুবিধাভোগী আসিম উদ্দিন বলেন, ‘এই সেতু হলে কৃষিপণ্য সহজে বাজারে নেয়া যাবে। পাশাপাশি চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের জন্য পঞ্চগড় শহরে যাতায়াতও সহজ হবে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আমরা আনন্দিত।’
পঞ্চগড় সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোতাহার আলী বলেন, মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে করতোয়া নদী পারাপারে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। একই সঙ্গে এ সড়কে যানবাহন চলাচল ও পণ্য পরিবহন আরও সহজ হবে।