উপজেলা চত্বরে সরকারি গাড়ির চাপা—মায়ের কোলে থাকা দুই বছরের ফাইজা ঝরে গেলো মুহূর্তেই – Uttorpatro TV

উপজেলা চত্বরে সরকারি গাড়ির চাপা—মায়ের কোলে থাকা দুই বছরের ফাইজা ঝরে গেলো মুহূর্তেই

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ৩, ২০২৫

নিজস্ব রিপোর্টার

কুমিল্লার হোমনা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাপায় দুই বছরের শিশু ফাইজা আক্তার মর্মান্তিকভাবে নিহত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা এসিল্যান্ডের গাড়িটি শিশুটিকে চাপা দেয়।
মুহূর্তেই ঘটনাস্থলেই মৃত্যু হয় ছোট্ট ফাইজার।

শিশুটির মা কান্নাজড়িত কণ্ঠে বলেন—
“গাড়িটি খুব দ্রুতগতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায় বলে পরিবারের অভিযোগ।

নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার পুটিয়া গ্রামে।
হঠাৎ সন্তান হারিয়ে বাকরুদ্ধ বাবা–মা। পরিবারের দাবি—
“এ ঘটনায় দায়ী চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত ইউএনও শহিদুল ইসলাম দৌড়ে যান হোমনা সরকারি হাসপাতালে।
শোকাহত বাবাকে সান্ত্বনা দিতে গিয়ে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়দের একটাই দাবি—এই মৃত্যুর সঠিক বিচার হোক।