গাইবান্ধার সুন্দরগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে হামলা চালিয়ে ৪টি ঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষতিসাধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার বেলকা ইউনিয়নের পূর্ব বেলকা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোঃ রানা, মোঃ নান্নু, মোঃ চাঁদ মিয়া, মোছাঃ পারভীন বেগম ও মোছাঃ রত্না বেগমসহ নামীয় এবং অজ্ঞাত আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী ও বিবাদী পক্ষের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে মামলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বিজ্ঞ আদালতের লোকজন জমিজমা সংক্রান্ত মামলার তদন্ত করে উভয় পক্ষকে উচ্চ আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো প্রকার ঝগড়া বিবাদে না জড়ানোর নির্দেশ দিয়ে যান। কিন্তু আদালতের লোকজন চলে যাওয়ার পরপরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিবাদীগণ ভাড়াটিয়া লোকজন নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী পক্ষের বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা ৪টি ঘর ভাঙচুর করে বিদেশ থেকে পাঠানো নগদ টাকা, স্বর্ণালঙ্কার, টিভি, ফ্রিজ, ঘরের টিন ও গরু-ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বাদীর নানি শাশুড়ি মেনকা বেগম ও নানা শ্বশুর দুলু মিয়াকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।