এসএসসি পরীক্ষা: পাঁচ কেন্দ্রে ঘুরে শিক্ষামন্ত্রীর নজরে যা এলো - Uttorpatro TV

এসএসসি পরীক্ষা: পাঁচ কেন্দ্রে ঘুরে শিক্ষামন্ত্রীর নজরে যা এলো

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: April 21, 2026

এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ ব্রিফিংয় করেন শিক্ষামন্ত্রী। ছবি: প্রথম আলো

এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে ঢাকা, সাভার ও মানিকগঞ্জের পাঁচটি কেন্দ্র পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পরিদর্শনে গিয়ে তিনি একটি কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অন্যের খাতা দেখতে দেখেন। এ ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। তবে বাকি চারটি কেন্দ্রে পরীক্ষার পরিবেশ ছিল স্বাভাবিক ও সুশৃঙ্খল।

মঙ্গলবার পরীক্ষা শেষে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। মন্ত্রী বলেন, নিজের পরিদর্শনের পাশাপাশি সারা দেশ থেকেও তিনি খোঁজ নিয়েছেন। বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা জানিয়েছেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং প্রশ্নপত্র ফাঁসেরও কোনো আশঙ্কা বা ঘটনা নেই।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী, যা গতবারের তুলনায় প্রায় ৭৯ হাজার কম। মোট পরীক্ষার্থীর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে ১৪ লাখ ১৮ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে ৩ লাখের বেশি এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজারের বেশি শিক্ষার্থী। সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষামন্ত্রী জানান, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পাঁচটি কেন্দ্রই তিনি পরিদর্শন করেন। এর মধ্যে মানিকগঞ্জের সিঙ্গাইরের জয়মন্টপ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সামান্য অনিয়ম ধরা পড়ে। সেখানে এক শিক্ষার্থী অন্যের খাতা দেখছিল এবং দায়িত্বে থাকা শিক্ষক কিছুটা অমনোযোগী ছিলেন। এ বিষয়ে শিক্ষক ও ম্যাজিস্ট্রেটকে সতর্ক করা হয়েছে।

মানিকগঞ্জের আরেকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে গিয়ে তিনি সন্তোষজনক পরিবেশ পান। সাভারের তেঁতুলঝোড়া উচ্চবিদ্যালয়, আমিনবাজার এলাকার একটি কেন্দ্র এবং মিরপুরের পাইকপাড়া মডেল একাডেমি স্কুল—সবগুলো জায়গাতেই পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে দেখেন বলে জানান মন্ত্রী।