অনলাইন ডেক্স
নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি পূর্ণমাত্রায় এগোলেও তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত করতে পারেনি নির্বাচন কমিশন (ইসি)। আজ শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের কর্মশালায় এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা থাকায় ডিসেম্বরের প্রথম ভাগে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছিল ইসি। একইভাবে সিইসি এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।
সকালে আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন প্রস্তুতি–সংক্রান্ত জাতীয় বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইসি সচিব। বৈঠক প্রসঙ্গে তিনি জানান, ‘সকাল সাড়ে ১১টা থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’
তফসিল ঘোষণার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।’ তবে নির্বাচন আয়োজন নিয়ে ইসি শতভাগ প্রস্তুত—এ দাবি করে তিনি ভুল তথ্য না ছড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন। নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’
সাংবাদিকদের জন্য ‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (সংশোধনীসহ), আচরণবিধিমালা ২০০৮ ও নির্বাচন কর্মকর্তা আইন ১৯৯১’ বিষয়ে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন আখতার আহমেদ। কর্মশালাটি আয়োজন করে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
এর আগে সকালে পৃথক অধিবেশনে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ‘সংবিধান, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, ইসির ভূমিকা ও নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ’ বিষয়ে আলোচনা করেন।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.