জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের টানা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজন নিয়মিত মামলার আসামি, একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং অপরজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সুন্দরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সার্বিক দিকনির্দেশনা ও নিবিড় তত্ত্বাবধানে সুন্দরগঞ্জ থানা পুলিশ মাদক উদ্ধার, জুয়া, নিয়মিত মামলার আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে নিয়মিত মামলার আসামি হিসেবে মো. মজিবর রহমান ওরফে মজি (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী (একতা বাজার সংলগ্ন) এলাকার মৃত আকবর আলীর ছেলে এবং বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। তিনি সুন্দরগঞ্জ থানার এফআইআর নং-২০, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬, বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারার মামলার আসামি।
এছাড়া সুন্দরগঞ্জ থানার সিআর নং-২৪২/২৫ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. আউয়াল, পিতা মৃত আব্দুল হাকিম, ঘগোয়া জিগারতল এলাকার বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে, উপজেলার আমতলী ফকিরপাড়া (চণ্ডীপুর) এলাকার মো. দছির উদ্দিনের ছেলে মো. শাইদুল ইসলাম (২২) কে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সুন্দরগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.