জয়ন্ত সাহা যতন, সুন্দরগঞ্জ ((গাইবান্ধা):
লাঠি হাতে সড়কে নেমে মাদক ব্যবসার বিরুদ্ধে সরব হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ এলাকার ছাত্র-জনতা। ‘মাদকমুক্ত হাসানগঞ্জ চাই’ দাবিতে মিছিল ও সমাবেশ করেছেন তারা। মাদক ব্যবসা বন্ধ ও মাদকের আস্তানা উচ্ছেদের দাবিতে দেওয়া স্লোগানে মুখর হয়ে ওঠে হাসানগঞ্জ বাজার ও আশপাশের এলাকা।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাতে লাঠি নিয়ে স্থানীয় ছাত্র-জনতা ও মাদকবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকেরা হাসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি হাসানগঞ্জ বাজার, খুজিয়ারমোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ‘অ্যাকশন টু অ্যাকশন—ডাইরেক্ট অ্যাকশন’, ‘মাদক ব্যবসা বন্ধ করো—নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘ইয়াবা ব্যবসা বন্ধ করো—নয়তো হাসানগঞ্জ ছাড়ো’, ‘মাদক ব্যবসা চলবে না’ এবং ‘ইয়াবার আস্তানা—বন্ধ করো’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন ‘হাসানগঞ্জ মাদকবিরোধী সামাজিক আন্দোলন’-এর সভাপতি মো. আঃ রহমান শিপন, সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।
বক্তারা বলেন, মাদকের বিস্তার শুধু একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিকভাবে শক্ত প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তারা বলেন, মাদকবিরোধী কার্যক্রম শুধু বিচ্ছিন্ন অভিযান বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মাদকের উৎস, সরবরাহ ও বিক্রির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
সমাবেশে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাদের অভিযোগ, হাসানগঞ্জে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা আরও দৃশ্যমান ও কার্যকর হওয়া প্রয়োজন। শুধু মাঝে মধ্যে অভিযান নয়, মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে ধারাবাহিকভাবে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, হাসানগঞ্জকে মাদকমুক্ত করা কোনো ব্যক্তি বা সংগঠনের একার দায়িত্ব নয়, এটি পুরো এলাকার মানুষের দাবি। তরুণদের সচেতন করা, সামাজিক নজরদারি বাড়ানো এবং নিয়মিত মাদকবিরোধী কর্মসূচি চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে স্থানীয়দের অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
সমাবেশ থেকে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার ও ধারাবাহিক করার ঘোষণা দেওয়া হয়।
উত্তরপত্র টিভি
Copyright © 2026 Uttorpatro TV. All rights reserved.